দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দ্রুত বিকাশমান এই প্রযুক্তিতে আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা বা নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ আরোপের দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।
এ নিয়ে বিতর্কের মধ্যেই এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক বিবিসিকে বলেছেন, প্রযুক্তি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে তা বন্ধ করার জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাইযোগ্য ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করা প্রয়োজন হতে পারে।
সাম্প্রতিক সময়ে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর কয়েকজন নির্বাহী ও কর্মী প্রযুক্তিটির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করার পর নতুন করে এ বিতর্ক শুরু হয়েছে। তাদের উদ্বেগের প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারবাজারেও। এআই খাতে বিনিয়োগ ও উন্নয়নের গতি কমে যেতে পারে—এমন আশঙ্কায় বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প এআই নিয়ে সতর্কতাকে ‘গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতারণা’র সঙ্গে তুলনা করেন। তিনি নিজেকে ‘হোক্স বাস্টার’ বা ধাপ্পাবাজি উন্মোচনকারী হিসেবে উল্লেখ করে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগকে অতীতে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্কের সঙ্গেও তুলনা করেন।
এআইয়ের জন্য প্রয়োজনীয় একমাত্র ‘গার্ডরেল’ বা নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে একজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্টই যথেষ্ট বলেও মন্তব্য করেন ট্রাম্প।
আরেক পোস্টে তিনি এআই ও ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে ‘অসুস্থ ষড়যন্ত্র’ চলছে বলে দাবি করেন। এ ক্ষেত্রে একমাত্র চীনই লাভবান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, এআইয়ে যে দেশ জয়ী হবে, বিশ্বেও তার প্রভাব বেশি থাকবে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এদিকে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়েছে, এআই খাতে চীনের দ্রুত অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণের অগ্রাধিকারকে প্রভাবিত করছে। ফুদান বিশ্ববিদ্যালয়ের মার্কিন স্টাডিজের অধ্যাপক শিন চিয়াং বলেন, যুক্তরাষ্ট্র এআই উন্নয়নের গতি কমালে বা নিয়ন্ত্রণ বাড়ালে চীন আরও দ্রুত ব্যবধান কমিয়ে ফেলতে পারে—এমন আশঙ্কা থেকেই ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে।
অ্যানথ্রপিকের সাত সহপ্রতিষ্ঠাতার একজন জ্যাক ক্লার্ক বলেন, এআই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠলে সফটওয়্যার পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে আইন করা প্রয়োজন হতে পারে। অ্যানথ্রপিকসহ অধিকাংশ এআই গবেষণাগারের নিজস্বভাবে প্রযুক্তি বন্ধ করার পদ্ধতি রয়েছে বলেও জানান তিনি। তবে এ ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক করতে আইনপ্রণেতাদের ভূমিকা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন ক্লার্ক।
যুক্তরাজ্যের ব্যবসাবিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসও এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি একই সঙ্গে অতিরঞ্জিত আতঙ্ক তৈরি না করার পরামর্শ দেন। বিবিসিকে তিনি বলেন, এআইয়ের ঝুঁকি রয়েছে, তবে জনসেবা, স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে এর বড় ধরনের ইতিবাচক সম্ভাবনাও রয়েছে।
এদিকে মাইক্রোসফট এআইসহ প্রযুক্তি খাতের একাধিক প্রতিষ্ঠান এআইয়ের জন্য আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। মাইক্রোসফট এআইয়ের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান জানান, প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরে এআই উন্নয়নে মানবকেন্দ্রিক নীতিমালা নিয়ে কাজ করছে এবং চলমান বিতর্কের প্রেক্ষাপটে তা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
এআই নীতিমালা পুনর্বিবেচনার দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘প্রো-হিউম্যান অ্যাসেম্বলি’ নামে একটি অনুষ্ঠানে একসঙ্গে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সাবেক ট্রাম্প প্রশাসনের কৌশলবিদ স্টিভ ব্যানন ও ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্সের। স্যান্ডার্স এর আগে এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সাম্প্রতিক দিনগুলোতে এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে বিতর্ক আরও তীব্র হয় অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের একটি পোস্ট ভাইরাল হওয়ার পর। এআই মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে—এমন আশঙ্কা নিয়ে তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন। অ্যানথ্রপিকের বিজ্ঞানী ইভান হুবিঙ্গারও আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতির বিলুপ্তির সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে মনে করেন।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমিয়ে আরও নিবিড় পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। তবে একই সঙ্গে বাণিজ্যিক সুবিধা বিসর্জন না দিয়েই এআই নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।
এআই খাতের দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্কও শিল্পজুড়ে এআই উন্নয়নের গতি কমানো, নিয়ন্ত্রণ জোরদার এবং এআই মডেল তৈরির ওপর স্বাধীন নজরদারির প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন।
সূত্র: বিবিসি
এমএস/